অভিনেতা আজাদ গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত
নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য আশুলিয়ার জিরাবোতে তার নিজ বাড়িতে একদল দূর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।
তিনি জানান, ডাকাতির উদ্দেশ্য নিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করেছিল আজাদের বাড়িতে। তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। তার স্ত্রী ও মা দুজনেও গুরুতর আহত হন এ ঘটনায়।
তপু বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।
রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজাদ। তার মা ও স্ত্রীও ভর্তি সেখানে। শেষ খবর অনুযায়ী জ্ঞান ফিরেছে আজাদের।
হাসপাতালে আজাদের দেখাশোনা করছেন নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।