মৃত শাশুড়িকে দেখতে যাওয়ার পথে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

মৃত শাশুড়িকে দেখতে যাওয়ার পথে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

ফাইল ছবি

শাশুড়ি মারা যাওয়ার খবরে কক্সবাজার থেকে তাকে দেখতে যাচ্ছিলেন পূত্রবধূ আইরিন নিগার (৩৫)। সাথে ছিল মাত্র ৬ মাস বয়সী শিশুসন্তান আরহাম। পথিমধ্যে তাদের বহনকারী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী পাথরবোঝাই একটি ট্রাকের।

সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিন নিগার। সঙ্গে থাকা শিশুসন্তান প্রাণ হারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে। এ সময় আহত হয়েছেন বাসটির আরও অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত আইরিন নিগার ও শিশু আরহাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল খাঁর হাট এলাকার নোমান রশিদের স্ত্রী-পুত্র।

এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, ‘পাথরবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নারী আইরিন নিগার কক্সবাজারে একটি এনজিওতে চাকরি করতেন। রবিবার তাঁর শ্বাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে যাচ্ছিলেন ছেলেকে নিয়ে। পথিমধ্যে দুর্ঘটনায় তারা মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর ও মামলা করা হয়েছে।