এনসিপি’র আত্মপ্রকাশের পর ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস

এনসিপি’র আত্মপ্রকাশের পর ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস

সারজিস আলম

জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই দলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের কয়েকঘণ্টা পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সারজিস আলম।

সেখানে তিনি লিখেছেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও কিশোরগঞ্জ) ৩২ জেলার পথে-প্রান্তরে খুব দ্রুত ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।

উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও লিখেছেন, আমার ‘দিনে এনে দিনে খাওয়া’ শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।

সারজিস লিখেছেন, পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।