আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ছবি : প্রতীকি
ফরিদপুরের মধুখালী উপজেলায় বসতঘরে আগুন লেগে মোছা.ছমিরন বেগম (৮৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছমিরন বেগম ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা ছমিরন বেগম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৃদ্ধা ছমিরন বেগম নামাজরত ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা ছমিরন বেগম বুঝতে পারেননি। ফলে সে আগুনে পুড়ে মারা যায়।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১টি বসতঘরের ৩টি কক্ষ ও ১টি রান্নাঘর পুড়ে যায়।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা ছমিরন বেগম পুড়ে মারা যায়।
মধুখালী থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।