খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জনকে বহিষ্কার
ফাইল ছবি
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার চার সদস্যকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) নগর কমিটির আহ্বায়ক আল শাহরিয়ার এবং সদস্য সচিব জহুরুল তানভীর এবং মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত চারজন হলেন- যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ান ইফাজ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো। পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব জহরুল তানভীর জানান, তাদের বিরুদ্ধে আহ্বায়ক সদস্য সচিবের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা দাবিসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহানগর কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো অনৈতিক কাজের দায়িত্ব সংগঠন নেবে না।