রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রতিকী ছবি

রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনী।

শুক্রবার (৭মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মো. সাকলাইন খান তামিম (২২) ও মো. আব্দুল্লাহ নয়ন (২৪)। এ সময় তাদের হেফাজতে থাকা ছয়টি লোহার ছুরি, তিনটি লোহার চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এরপর সেই বাসায় অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাকলাইন ও আব্দুল্লাহকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত বাসায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।