সিরিয়ায় আসাদপন্থী গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

সিরিয়ায় আসাদপন্থী গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

ফাইল ছবি

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন। গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তারা নিহত হন।

শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতন হয়। এরপর থেকেই দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন এই কর্তৃপক্ষ।

বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

অবজারভেটরি বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা ৫৫৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯২ সদস্য ও বাশার আল-আসাদ সমর্থিত ১২০ জন যোদ্ধাও রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেফতার করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

তবে শনিবার ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত আছে। 

সূত্র: রয়টার্স, এএফপি