শেরপুরে বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত
শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাজার তদারকি করা হয়।
এসময় হোটেল-রেস্তোরাঁ, মনোহারী দ্রব্যাদি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওষুধের ফার্মেসি, ফলমূলের দোকানসহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়। অভিযানে ২টি হোটেল ও একটি মনোহারী দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।
এসময় উপস্থিত ছিলেন মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা। মনিটরিংকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে বাজিতখিলা বাজারের হোটেল ব্যবসায়ী মুনসুর আলীকে ৩ হাজার টাকা, সইফুল ইসলামকে ২ হাজার টাকা এবং মনোহারী ব্যবসায়ী মেসার্স আরফান এন্টারপ্রাইজের দোকানি মজনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। এসময় বাজার দর, ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমূল্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।