বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
প্রতিকী ছবি
ক্ষেতের বোরো ধান কেটে নষ্ট করছে ইঁদুর। তাই কষ্টের ফসল রক্ষায় কৃষক লোহার গুনায় বিদ্যুৎ সংযোগ দিয়ে পেতে ছিলেন ইঁদুর নিধনের ফাঁদ। অবশেষে নিজের পাতা সেই ফাঁদেই প্রাণ হারিছেন মো. আলম শেখ (৫৫) নামের এক কৃষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে। নিহত আলম শেখ ওই গ্রামের মফিজুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিজের এক বিঘা জমিতে মাছের ঘেরে সাথী ফসল হিসেবে বোরো ধানের চাষ করেছেন আলম শেখ। মাছের ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় বেড়ে যায় ইঁদুরের উৎপাত। কোনো উপায় না পেয়ে ইঁদুর মারার জন্য ধান ক্ষেতের চারপাশে লোহার গুনা টাঙিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন তিনি।
বুধবার সকাল ৭টার দিকে স্ত্রীকে সাথে নিয়েই ক্ষেতে গিয়েছিলেন আলম শেখ। ক্ষেতের পাশ থেকে হাটার সময় হঠাৎ পা পিছলে বৈদ্যুতিক গুনার ওপর পড়ে ছটফট করতে থাকেন। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের আগেই মারা যান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে পড়ে কৃষকের মৃত্যুর খবর শুনেছি। বৈদ্যুতিক ফাঁদ অত্যন্ত বিপদজনক। ইঁদুর মারতে বিদ্যুতের অপব্যবহার না করার জন্য বহুবার কৃষকদের সতর্ক করা হয়েছে । তবুও কেউ কেউ করছে। এ ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে আরও জোরালো সতর্ক ভূমিকা পালন করা হবে।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে কৃষকের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।