গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

সংগৃহীত

গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও ভারতে মুসলমানদের ওপর আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা।

বুধবার (১৯ মার্চ) রাতে শহরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ আরিফ বিল্লাহ আজিজ, ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিক ও মুফতি ইয়াছিন আরফাত।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর বারবার বর্বর হামলা চালিয়ে মানুষ মারছে ইসরাইল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যাতে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া ভারতেও আমাদের মুসলমান ভাইদের ওপর হামলা করা হচ্ছে। 

আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।