ব্রাজিল-আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচটি যেভাবে দেখবেন
ছবি: সংগৃহীত
ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে দুই দলেরই সমর্থকদের মনে বিরাজ করছে তুমুল আগ্রহ-উদ্দীপনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের। আগামীকাল ভোরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাবে না। তবে বিভিন্ন অনলাইন সাইটে ম্যাচটি দেখতে পারবেন দেশের ফুটবল ভক্তরা। টিওয়াইসি স্পোর্টস, ফুবো টিভি, ভিক্সে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি দেখা যাবে।
এদিকে উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়র থাকবেন না বলে। চোটের কারণে এ দুই জন খেলতে পারবেন না নিজ নিজ দলের হয়ে। এছাড়া হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলই তাদের তারকা খেলোয়াড়কে পাচ্ছে না। পাওলো বিদালা, লাউতারো মার্টিনেসের মতো তারকা ফরোয়ার্ডদের ছাড়াই। এদিকে ব্রাজিলের হয়ে অ্যালিসন বেকার, মিডফিল্ডার জেহেসন ও গ্যাব্রিয়েল মাগালিয়াইসক পাচ্ছে না সেলেসাওরা।
বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচটি ড্র হলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা। তবে বলিভিয়া যদি তাদের ম্যাচে পয়েন্ট হারিয়ে ফেলে তাহলে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।
দরিভাল জুনিয়রের কোচিংয়ে ব্রাজিল পায়ের নিচে মাটি খুঁজছে। পয়েন্ট তালিকার দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাছাইয়ে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় না পেলে নেমে যেতে হতো ছয় নম্বরে।
আর্জেন্টিনাকে প্রায় ছয় বছর ধরে হারাতে পারছে না ব্রাজিল, প্রতিপক্ষের মাঠের হিসাবে ১৬ বছর। আর্জেন্টিনায় স্বাগিতকদের বিপক্ষে সবশেষ ২০০৯ সালে জিতেছিল ব্রাজিল। আর সব মিলিয়ে সবশেষ জয় এসেছিল ২০১৯ সালে, কোপা আমেরিকার সেমিফাইনালে। পরের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল।