ভাঙ্গায় আগুনে পুড়ে বসতঘর ছাই

ভাঙ্গায় আগুনে পুড়ে বসতঘর ছাই

প্রতীকী ছবি

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ও কাপড় চোপর সব পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পাশের তিনটি পরিবারের বসত ঘরের আংশিক পুড়ে যায়। ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের কুমার নদের তীরে অবস্থিত গুচ্ছগ্রামে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুলায় আগুন জ্বালিয়ে ইতি বেগম তার বাচ্চাকে ঈদের জামাকাপড় পড়াতে ঘরের ভিতরে গেলে  রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। সে আগুনে ইতি বেগমের  রান্নাঘর  এবং বসতঘর পুড়ে যায়।  

ক্ষতিগ্রস্ত গৃহবধূ ইতি বেগম জানান, ঘরে আগুন লাগার  সময়  আমি ঘরের ভিতরে আমার ছোট মেয়েকে ঈদের জামা কাপড় পড়াতে আসি। আগুনের শিখা দেখে চিৎকার করি। তখন এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস আসে। ঘরে থাকা মালামাল কিছুই রক্ষা করতে পারিনি। আমার ২টি ঘরের দু'টিই পুড়ে গেছে। এখন কোথায় থাকবো? 

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গুচ্ছগ্রামের ৮৩ নং বাসায় মাটির চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তার পূর্বেই আগুনে সবকিছু পুড়ে যায়।