বোয়ালমারীতে মাটি চাপায় শ্রমিক নিহত
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (২৭) নামে এক খনন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।
মঙ্গলবার বিকেলের দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টার ফলে পর ৮-১০ ফুট মাটির নিচ থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত সেফটিক ট্যাংক খনন করে রিং স্লাব বসানোর কাজ করতেন।
নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ও দুই সন্তানের জনক। সজিব শেখ (৬) ও মরিয়ম (৪) নামে তার দুই সন্তান রয়েছে।