চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

চট্টগ্রামে মিরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকার শফী সওদাগর বাড়িতে টিভি দেখতে গিয়ে সাত বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাল (৪৭) নামে একজনকে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে আটক করা হয়।

তাছাড়া, গত মঙ্গলবার শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। আটক দুলাল ড্রাইভার ওই এলাকার শফী সওদাগর বাড়ির মৃত ফকির আহমদের ছেলে। ধর্ষণের শিকার ওই শিশুটির বাড়ি অন্য জেলায়।  

শিশুর পরিবারের অভিযোগ, ঈদের দিন বিকেলে বাড়ির উঠানে শিশুটি খেলছিল। এ সময় দুলাল ড্রাইভার তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি তার মাকে সবকিছু জানানোর পর মঙ্গলবার সকালে স্বজনরা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে পাঠায়।  

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনায় অভিযুক্ত দুলালকে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে আটক হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।