অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৬

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৬

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২ জলুাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।   

আহতরা হলেন, জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহনা (১০)।  

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হয়। 

 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

যোগাযোগ করা হলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁজনজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭% পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন।