ভারতের জলপাইগুড়িতে চা বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
ছবিঃ সংগৃহীত
জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরেশ নগর এলাকায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবক বিশ্বজিৎ অধিকারী (৩৫), স্থানীয় চা বাগানে কাজ করছিলেন।
পরিবারের সদস্যরা যখন তাকে খাবার দিতে আসেন, তখন তারা তাকে খুঁজে পান না। পরে তারা আশপাশে খোঁজাখুঁজি করে দেখতে পান, বিশ্বজিৎ নদীর পাড়ে পড়ে রয়েছেন।
চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা ও পুলিশ দেহটি জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে, কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজিৎ অধিকারীর পরিবারের সদস্যদের মধ্যে।