স্কুল কমিটির দ্বন্দ্বে পিটিয়ে ভাঙা হলো প্রধান শিক্ষকের হাত!

স্কুল কমিটির দ্বন্দ্বে পিটিয়ে ভাঙা হলো প্রধান শিক্ষকের হাত!

ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান

মাগুরার শালিখায় একটি স্কুলের এডহক কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ছান্দাড়া বাজারে  সন্ধ্যার দিকে  এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত মিজানুর রহমান শালিখা উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিট গত ২৭ মার্চ গঠন করা হয়। স্কুলের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল নামের এক পল্লী চিকিৎসকের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই প্রধান শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হামলার বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্থানীয় ছান্দাড়া বাজার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, হামলার ঘটনাটি স্কুল কমিটি গঠন ও পূর্ব বিরোধ নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত  থানায়  লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।