হাউজফুলের রাজত্বে ‘বরবাদ’, বিদেশেও বাজবে শাকিব ধামাকা
ছবি: প্রতীকী
শাকিব খানের ‘বরবাদ’ মুক্তির ১২ দিন পেরিয়েও থামছেই না আলোচনার ঝড়। ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবি এখনও দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে চলছে হাউজফুল শো নিয়ে। শুধু গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সেই হয়েছে ৩৭টি শো, অন্যদিকে ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য প্রেক্ষাগৃহে মিলিয়ে শো সংখ্যা ৭২। তবে অধিকাংশ শোতেই টিকিট মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা।
এছাড়া দেশের বিভিন্ন একক প্রেক্ষাগৃহে চলছে প্রতিদিন ৪৪০টিরও বেশি শো। তবুও আগাম টিকিট মিলছে না, এমন অভিযোগে সরব দর্শকরা সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, 'সিনেপ্লেক্সে দর্শক ঘুরছে টিকিটের জন্য, অনলাইনেও পাচ্ছে না। আমরা বারবার অনুরোধ করছি শো বাড়ানোর জন্য, কিন্তু সেটা হচ্ছে না। দর্শক চাহিদার তুলনায় শো একদমই কম।'
তবে সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবসায়িক নীতির কারণে তারা সীমিত পরিসরে শো বাড়াতে পারেন। স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, 'আমরা দর্শকের চাহিদা অনুযায়ী শো বাড়িয়ে দিই, এমনকি হলিউড ছবির শো কমিয়ে বাংলা ছবিকে অগ্রাধিকার দিই। তবে আমাদের একটা নির্দিষ্ট পলিসি আছে, সেটার বাইরে গিয়ে কাজ করা সম্ভব না।'
দেশীয় প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে ‘বরবাদ’। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায়। প্রাথমিকভাবে যেসব শহরে বাংলাদেশি কমিউনিটির ঘনত্ব বেশি, সেসব এলাকার থিয়েটারগুলোতে চলবে এই ছবি।
এই ছবির মাধ্যমেই আন্তর্জাতিক ফিল্ম ডিস্ট্রিবিউশনে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। দেশে তুমুল ব্যবসা করার পর এখন বিদেশের বাজারেও ‘বরবাদ’ কতটা ঝড় তোলে, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।