আইইবির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ছবিঃ সংগৃহীত
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে বৈশাখের আবহমান চিরায়ত ধারায় জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।
এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইইবি নতুন ভবনের সামনের খোলা জায়গায় বাংলা বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করে আইইবি।
রাজউকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, আইইবির নেতা প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবি সদর দপ্তরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবির কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর প্রায় পাঁচ শতাধিক প্রকৌশলী স্বপরিবারে অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান।
গানে-আনন্দে সাংস্কৃতিক বিভিন্ন পর্বে (গান, নৃত্য, যাদু ও আবৃত্তি) বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী কণাসহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।