আমরণ অনশনে চবির চারুকলার শিক্ষার্থীরা
সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরাতে ফের বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা থেকে প্রায় ৯ শিক্ষার্থী এ অনশন শুরু করেছেন। এর আগে দুপুর ১২টা থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি করেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামিম উদ্দিন গত ডিসেম্বরে আন্দোলনের মুখে বলেছিলেন, এ বছরের ৩১ মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করা হবে। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, একাডেমিক কাউন্সিলে বিষয়টি পাশ হয়েছে। শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের দেওয়া সময় পেরিয়ে পেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলনে নেমেছেন তারা।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশরুর ফাহিম বলেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা মিডিয়ার সামনেই ঘটা করে ঘোষণা দিয়েছিলেন চারুকলা ক্যাম্পাসে নিয়ে আসার। যদি প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমাদের আরও কঠোর হওয়া ছাড়া উপায় দেখছি না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল ২২ এপ্রিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৯ এপ্রিল)। জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে এ পরীক্ষার ফল প্রকাশিত হবে।
সোমবার (২১ এপ্রিল) যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা ফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। সোমবার সকালে বিদ্যুৎ ছিল না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৯ জন।