ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত

ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে সিটি কলেজ বন্ধ ঘোষণার পর এবার ঢাকা কলেজেরও সব ক্লাস আগামী দুদিনের (বুধ-বৃহস্পতিবার) জন্য স্থগিত করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কলেজের (অধ্যক্ষ) ভারপ্রাপ্ত অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস আগামী বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) স্থগিত করা হয়েছে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে, সংঘাত এড়াতে দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা সিটি কলেজ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন বিকেলে এ ঘোষণা দেন।

দুপুরে সংঘর্ষের জেরে পুরো সায়েন্সল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী।

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ শিক্ষার্থী।