কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি, নিহত ৫

কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি, নিহত ৫

ছবি: প্রতীকী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

পহেলগামের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই হামলার নিন্দা জানিয়েছে তিনি বলেন, ‘আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ।’

পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় ১৯৮৯ সাল থেকেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আসছিল।