রোহিত-সূর্যের ব্যাটে অনায়াস জয় মুম্বাইয়ের

রোহিত-সূর্যের ব্যাটে অনায়াস জয় মুম্বাইয়ের

সংগৃহীত

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ইনিংসে অক্সিজেন সরবরাহ করেছিল হাইনরিখ ক্লাসেনের ব্যাট। ম্যাচের রং অবশ্য বদলে দিয়েছেন রোহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজ জয় এনে দিয়েছেন তিনি। হায়দরাবাদের ৮ উইকেটে ১৪৩ রানের জবাবে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ তুলল মুম্বাই।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৭০ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজ়ে নেমেছিলেন ক্লাসেন। ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বজয়ের কাছাকাছি। এবারের আইপিএলে রান পাচ্ছিলেন না ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিপর্যয়ের দিনে ফর্মে ফিরলেন।

ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ট্র্যাভিস হেড (০), অভিষেক শর্মা (৮), ঈশান কিষাণ (১), নীতীশ কুমার রেড্ডি (২) এবং অনিকেত ভার্মারা (১২) সাজঘর থেকে ক্রিজ়ে এলেন এবং থিতু হওয়ার আগেই ফিরে গেলেন।

এরপর তরুণ সতীর্থ অভিনব মনোহরকে নিয়ে লড়াই শুরু করেন ক্লাসেন। ম্যাচটা যতটা একপেশে হবে মনে হচ্ছিল হায়দরাবাদের ইনিংসের প্রথম পাঁচ ওভার দেখে, ততটা হল না ক্লাসেনের জন্যই। নিজের দিনে একাই জয় ছিনিয়ে নিতে পারেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার। বুধবার হায়দরাবাদের ২২ গজে অবশ্য ম্যাচ ছিনিয়ে নিতে না পারলেও ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জাসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, হার্দিক পাণ্ডিয়াদের চক্রব্যুহের মাঝে বুক চিতিয়ে লড়লেন।

অভিনবকে (৩৭ বলে ৪৩) সঙ্গে নিয়ে যষ্ঠ উইকেটের জুটিতে ক্লাসেন (৪৪ বলে ৭১) ৯৯ রান যোগ করলেন বলেই হয়তো চেনা ফর্মে দেখা গেল রোহিতকে। গত ২৯ জুন ব্রিজটাউনের মাঠে শেষ হাসি হেসেছিলেন রোহিত। বুধবারও হাসলেন। আস্বস্ত করলেন ভক্তদের। তেমন চাপ ছিল না রান তাড়া করার সময়। রোহিত খেললেন সাবলীলভাবে।

আইপিএলে রোহিতও রান পাচ্ছিলেন না। যেভাবে চান, সেভাবে ব্যাট করতে পারছিলেন না। মুম্বাইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা সাবেক অধিনায়ক ফিরলেন নিজের মেজাজে। আইপিএলে হায়দরাবাদ এক সময় ছিল রোহিতের ঘরের মাঠ। তৎকালীন ডেকান চার্জার্সের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। উপ্পলের ২২ গজ অচেনা নয় তার। সুযোগের সদ্ব্যবহার করলেন ভারতীয় দলের অধিনায়ক।

রায়ান রিকেলটন (১১), উইল জ্যাকসেরা (২২) বড় রান পেলেন না। তবু মুম্বাইকে সমস্যায় পড়তে হল না। রোহিতের ৪৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে অনায়াস জয় পেল মুম্বাই। ৮টি চার এবং ৩টি ছয় মারলেন রোহিত। সূর্যকুমার যাদবও ধরা দিলেন চেনা রূপে। ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন তিনি।

আইপিএল যত এগোচ্ছে, হার্দিকের দলও তত এগোচ্ছে। নবম ম্যাচে পঞ্চম জয় পেয়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। রোহিত, সূর্যকুমারদের ব্যাট কথা বললে নিশ্চিত ভাবে আরও এগোবে। বোল্ট, বুমরাহেরা তো আছেনই।