এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই: ফারুকী

এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই: ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

এখন সবাই মামলা করার স্বাধীনতা পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।  

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।  

হত্যা মামলায় ইরেশ যাকের আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এমন প্রেক্ষাপটে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর সামনেও বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকরা। 

ফারুকী বলেন, আমি এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি ডিপলি ট্রাবলিং, ডিপল ডিস্টার্বিং।

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে তিনি আরও বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।