পাবিপ্রবি ছাত্র হল -২ এর নতুন প্রভোস্ট হলেন ড. কামরুজ্জামান

পাবিপ্রবি ছাত্র হল -২ এর নতুন প্রভোস্ট হলেন ড. কামরুজ্জামান

ড. কামরুজ্জামান

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল-২ এর প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭২তম সভার ৭২:১৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রভোস্ট ভাতা প্রাপ্ত হবেন। বর্তমান পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্তভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “ছাত্র হল-২ এ প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ছাত্রদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ও সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব।”

তিনি আরও জানান, হলের সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী হবে এবং তিনি এ কাজে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।