ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই শোক জানান তিনি। 

তারেক রহমান লিখেন, জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ রোববার বিকেল ৪ ঘটিকায় রাজধানীর ধানমণ্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তারেক রহমান আরও লিখেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর মৃত্যু গভীর শূণ্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এ দেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। 

সবশেষে, জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তারেক রহমান।