জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি
সংগৃহীত
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহতের পর জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। আজ বুধবার সকাল স্থানীয় সময় ১০টায় এ বৈঠক শুরু হবে।
বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়েছে। এমন এক সময় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছে, যার কয়েক ঘণ্টা আগেই ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আটজন নিহত হয়েছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠক ডেকেছেন।
প্রতিবেদন বলছে, এরআগে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। দিল্লি বলেছে, পেহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে।
পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষে বলা হয়, পছন্দের স্থান এবং সময়ে জবাব দেওয়া হবে।
ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দু পক্ষ। বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত পাকিস্তান। এর মধ্যেই শুরু হলো পাল্টাপাল্টি হামলা।