উচ্চশিক্ষার বই বাংলায় অনুবাদ করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত
শিক্ষা ও গবেষণার উন্নয়ন সাধন করতে হলে উচ্চশিক্ষার বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রোকেয়া চেয়ার অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন : থিওরি অ্যান্ড কনসেপ্ট’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিকাংশ গ্রন্থ ইংরেজি মাধ্যমে রচিত। শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে এসব বই বাংলা ভাষায় অনুবাদ করা প্রয়োজন। এজন্য আমরা একটি ‘ট্রান্সলেশন ব্যুরো’ প্রতিষ্ঠা করতে চাই। অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত এই গ্রন্থ নবীন শিক্ষক ও গবেষকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক নাজমুন্নেসার তিনটি অংশে বিভক্ত একাডেমিক গ্রন্থটিতে জনপ্রশাসনের বিভিন্ন সংজ্ঞা ও বিষয় এবং বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার নানা দিক বর্ণনা করা হয়েছে।
লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, লিডারশিপ স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে পঠন-পাঠনের ক্ষেত্রে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।