আ.লীগ নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) রাত ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পার্ক মোড়, সরকার পাড়া হয়ে ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।
এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’সহ নানা স্লোগান দেন কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।
বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি ‘জুলাই’ নেমে এসেছে। আজকে আমরা রাজনীতির নামে যে দল গণহত্যা করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের নিষিদ্ধের দাবিতে এখানে এসেছি। আমাদের দাবি স্পষ্ট—যে মাটিতে আমাদের ভাই-বোন শহীদ হয়েছেন, সেই মাটিতে হত্যাকারীদের কোনো জায়গা হবে না। অনতিবিলম্বে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জুনায়েদ বলেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার ওপরে অন্যায়-অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।