সাহিত্যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়া যাবে না এমন বিশ্বাস নতুন রবীন্দ্রনাথ তৈরিতে বাধা-ডিসি যশোর
সাহিত্যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়া যাবে না এমন বিশ্বাস নতুন রবীন্দ্রনাথ তৈরিতে বাধা-ডিসি যশোর
যশোর প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে আলোচনা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ তার লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে এনেছিলেন চমৎকার ভাবে। তার লেখায় চরিত্র, কাহিনী, ঘটনা নির্মাণের মাধ্যমে একটি দান্দ্বিক সমাজকে চিত্রায়িত করেছেন।
তিনি আরও বলেন, সাহিত্যের জগতে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়া সম্ভব কিনা? এমন প্রশ্নে রবীন্দ্রভক্তরা ‘না’ বলবেন। আমরা যদি বিশ্বাস করি রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়া যাবে না, এমন বিশ্বাস ভবিষ্যত রবীন্দ্রনাথ হিসেবে যারা আসতে চায় তাদের আসতে দিচ্ছি না বা বাধা দিচ্ছি।
রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে ভালবাসবো উল্লেখ করে তিনি বলেন, কবি রবীন্দ্রনাথের থেকে আরও বড় রবীন্দ্রনাথ আমাদের দেশে তৈরি হবে। তার সাহিত্যের চেয়ে আরও ভাল সাহিত্য আসবে বলা হলে আপনাকে পাগল, মুর্খ বা অসাংস্কৃতিক বলা হবে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
শুক্রবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ও জেলা পরিষদ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক, চিন্তক ও সাংবাদিক বেনজীন খান।
অনুষ্ঠানে প্রাচ্য আকাদেমির শিশু শিল্পীরা সম্মিলিত কবিতা আবৃত্তি করে। এছাড়া কবি বকুল হক, মশিয়ার রহমান, রাবেয়া খানম, পারভীনা খাতুন, আকিব শাওন, কামরুজ্জামান বাবলু, ফারহানা সুলতানা ও শাহেদ নেওয়াজ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রাচ্য সুর সংঘের শিল্পীরা।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুর ইসলাম ও সাহিত্য সংঘের পরিচালক কবি সেলিম রেজা সেলিম। উপস্থিত ছিলেন প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, মনিরুল ইসলাম মনু, আহসান কবির, শহিদ জয়, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।