রাঙামাটিতে বুদ্ধপূর্ণিমা উদযাপন
ছবি : সংগৃহীত
নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হচ্ছে বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে রাঙামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকালে শহরের তবলছড়ি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসামবস্তি বুদ্ধাঙ্কুর বিহারে শেষ হয়।
বিহারে সকাল থেকেই পূণ্যার্থীরা যোগ দেন। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে। মনের সকল নিবেদন নিয়ে বুদ্ধের কাছে করেন প্রার্থনা।
এ ছাড়াও বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দানের পর সবাই যোগ দেন সমবেত প্রার্থনায়। এ সময় শহরের রাজবন বিহার, আনন্দ বিহার, মৈত্রী বিহারসহ সকল বিহারে সকাল থেকে পূণ্যার্থীরা মঙ্গল কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন।
দেশ ও সকল প্রাণীর সুখ শান্তি কামনা এবং মৈত্রীময় সহাবস্থানের প্রত্যাশা করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুণাপাল থেরো।
প্রসঙ্গত, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহা পরিনির্বাণ লাভ করায় ত্রি-স্মৃতি বিজড়িত দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরত্বপূর্ণ ও পুণ্যময়। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই পূণ্যময় একটি দিন।