চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত
নাব্য সংকটের কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজ শুরু হওয়ায় চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে আগামী ১৮ মে ভোর পর্যন্ত এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আরও জানান, শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে ফেরিতে উঠার পল্টুন চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়।
এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ-রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।