লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ছবি : প্রতীকি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকের মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি।

বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যায়। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা কি কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷ 

তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন ওসি। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে