ভারত-পাকিস্তান সংঘাত : ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান, চীন ও আফগানিস্তান
ছবিঃ সংগৃহিত।
ভারত-পাকিস্তান বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন পাকিস্তান, চীন এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার (১৯ মে) চীনের উদ্দেশ্যে রওনা হবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।
এতে জানানো হয়, সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবেন ইসহাক দার। যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ২০ মে চীনে পৌঁছাবেন।
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্যের প্রসার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
গত মাসে পহেলগাম হামলাকে কেন্দ্র করে দু’দেশের তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান।