এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম
সদ্য বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (২১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন, ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর এবং তার স্ত্রী শামীমা আলম।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আবু হেনা ও ঈদতাজুল এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বহিত করা প্রয়োজন।