অবসরের ঘোষণা দিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা

অবসরের ঘোষণা দিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা

ফাইল ছবি।

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। খেলোয়াড়ি জীবন শেষ করলেও কোচ হিসেবে সম্পৃক্ত থাকতে চান ফুটবলের সঙ্গেই।

২০১৪ সালে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু। প্রায় এক যুগ পর যেখানে থামতে চলেছেন রানা, সেটাও সাদাকালোদের বিপক্ষেই। চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ঘুরে তিনি শেষ করছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। রানা বলেন, ‘মনে হয়েছে এখনই ফুটবলটা ছেড়ে দেওয়ার সঠিক সময়। সে কারণেই অবসরের সিদ্ধান্ত।’
খেলাকে বিদায় জানালেও জাতীয় দলের সাবেক অধিনায়ক সম্পৃক্ত থাকতে চান ফুটবলের সঙ্গেই। এরই মধ্যে শেষ করেছেন কোচিং কোর্সের বিভিন্ন ধাপ। গোলকিপিং-এ সি লাইসেন্স শেষ করে সামনের মৌসুমেই ফিরতে চান অন্য ভূমিকায়। সেই পথ ধরেই স্বপ্ন দেখেন জাতীয় দলে কাজ করার। রানা বলেন, ‘গোলকিপিং-সি কোচিং কোর্স আছে। আমি সেটাতে অংশ নেব। আশা রাখি, কোচিং শেষ করে গোলকিপার কোচ হিসেবে সুযোগ পেলে নতুনভাবে শুরু করব।’
২০১৫ সালে জাতীয় দলে ডাক পান আশরাফুল ইসলাম। পরের বছরই অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠে তার হাতে। কিন্তু সেখানে আছে চরম হতাশার গল্প। তিনি নেতৃত্বে থাকার সময় ভুটানের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে যায় বাংলাদেশ।