কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজিবুর রহমান (৪৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং কোরবানির ঈদ উদযাপন করতে সম্প্রতি দেশে এসেছিলেন।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় থাকা একটি কাঁঠাল গাছে উঠে ফল পাড়ার সময় তিনি গাছের পাশে থাকা ৩৩ হাজার ভোল্টেজের এসটি কেবলের মেইন লাইনে স্পর্শ হয়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়ে যায়।

নিহত মজিবুর রহমান আজমপুর গ্রামের মৃত আজগর মাস্টারের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ফিরোজ মিয়া।

নিহতের ছোট ভাই পল্লী চিকিৎসক আতাউর রহমান বলেন, বড় ভাই সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। আজ কাঁঠাল পাড়তে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তিনি দুই সন্তান রেখে গেছেন। এদিকে এ  মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।