কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগৎশ্বর গ্রামে পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল, স্টিকার, পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। 

রবিবার (২৫ মে) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস কর্মকর্তা পুলক সাহার নেতৃত্বে একটি চৌকস টিম ভেড়ামারা উপজেলার জগৎশ্বর গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়।

এসময় জগৎশ্বর গ্রামের ওই পরিত্যাক্ত বাড়ি থেকে জব্দকৃত ১ লক্ষ ষাট হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, চল্লিশ হাজার লেবেলবীহিন আকিজ বিড়ি, পাঁচ হাজার শীট বিড়ির লেবেল, পাঁচ হাজার শীট ফিল্টার, দেড় লক্ষ পিছ কাগজ, দশ হাজার পিছ কালো স্টিকার, ৫ কেজি পলিথিন, অসংখ্য নকল ব্যান্ডরোলসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়েছে।

অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা নকল বিড়ি ও বিড়ি তৈরি উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়। এলাকার কেউ আসামীদের ব্যাপারে মুখ খুলেনি। এলাকাবাসী কাস্টমস কর্মকর্তাদের সাথে বাকবাতিন্ডায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ কাস্টমস হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

কাস্টমস কর্মকর্তা পুলক সাহা জানান, বিপুল পরিমাণ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি চক্র নকল বিড়ি তৈরি করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পর্ববর্তীতে মামলার প্রস্তুতি চলছে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।