টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় টাকার বিনিময়ে মাদক কারবারিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে হারাগাছ থানার এক এএসআই ও কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেলে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান। প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্য হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া এবং কনস্টেবল তরিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিউটি অফিসারকে না জানিয়ে এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেলে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই দুই পুলিশ হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটকের বিষয়টি ওসিকে না জানিয়ে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন তারা। পরে বিষয়টি ওসি জানতে পেরে রাতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই রনি ও কনস্টেবল তরিকুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান বলেন, তারা অসৎ উদ্দেশে বের হয়েছিলেন। ঘটনাটি জানার পর তাদের পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তে তাদের অসৎ উদ্দেশ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।