কারিগরি শিক্ষার গুরুত্ব-বিটিআইয়ের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার গুরুত্ব-বিটিআইয়ের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের (বিটিআই) ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মো. মহসিনুল করিম (অব.), বসুন্ধরা ফাউন্ডেশনের  সিনিয়র জিএম এ কে এম নওশেরুল আলম ও  বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ  কাজী মো. শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা ।

বিশেষ অতিথি মেজর মো. মহসিনুল করিম (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বিটিআই তার একটি সফল উদাহরণ, যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে।  

তিনি আরও বলেন, কেরানীগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে অত্র এলাকার জীবনমানের উন্নয়নে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট অংশীদার হতে চায়। এ বিষয়ে উপস্থিত সবার সহযোগিতা কামনা করছি।

সেমিনারে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, কর্মসংস্থানে এর অবদান এবং বিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। বিটিআই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে, যারা পরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থান পাচ্ছে।

এ কে এম নওশেরুল আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অন্যদিকে, কারিগরি শিক্ষার মাধ্যমে এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, কারিগরি শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।

সেমিনারে কেরানীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই সেমিনারের মাধ্যমে কেরানীগঞ্জে কারিগরি শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিটিআইয়ের ভূমিকা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।