হক ও ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই- নাহিদ ইসলাম
সংগৃহীত
জনগণকে হক ও ইনসাফের রাজনীতি উপহার দিতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা হকের পক্ষে কথা বলেন। আমরা আপনাদের হক এবং ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই। আমরা ক্ষমতা নয়, জনতার রাজনীতি করব। এ জন্য আমাদের জন্ম হয়েছে।
দিনভর মুষলধারে বৃষ্টি থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি এনসিপি আয়োজিত একাধিক পথসভায় বক্তব্য দেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসংলগ্ন এলাকায় একটি পথসভায় তুমুল বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আপনারা যে এই বৃষ্টির মধ্যেও এসেছেন এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ আপনাদের বাংলাদেশ। শহিদের মর্যাদার মধ্য দিয়ে ২৪-এর আকাক্সক্ষা বাস্তবায়নে আমরা আগামীর দিকে এগিয়ে যাব। রাজপথে দেখা হবে। এ সময় বৃষ্টিতে ভিজতে থাকা তার কর্মী সমর্থকরা তুমুল করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এরপর নাহিদ ইসলাম জেনেভা ক্যাম্পের ভেতরে প্রবেশ করেন। তিনি সংকীর্ণ গলিতে ঢুকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় আশপাশ থেকে ‘এসেছে রে এসেছে নাহিদ ভাই এসেছে’, ‘নাহিদ ভাই এগিয়ে যাবে ক্যাম্পবাসী আপনার সাথে’ বলে স্লোগান দেওয়া হয়।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ৩টার দিকে নাহিদ ইসলাম মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে পৌঁছান। সেখানে উপস্থিত স্থানীয় শহীদ পরিবারে সদস্যদের সঙ্গে তিনি মতবিনিয়ম করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি সমাজের জন্য লড়াই করছি যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার এবং মর্যাদা পাবে। এটি আমাদের স্বপ্ন এবং আমরা বিশ্বাস করি এই স্বপ্নের জন্যই আসলে গণ-অভুত্থান ঘটেছে। এরপর তিনি শহিদ সৈকতের কবর জিয়ারত করেন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি মোহাম্মদপুর টাউন হল, তিন রাস্তা মোড় ও ধানমন্ডি এলাকায় পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ডা. তাসনিম জারা ও রিফাত রশিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।