রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেফতার ১১

রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেফতার ১১

সংগৃহীত

রংপুরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 

শুক্রবার (৩০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি। 

বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে  নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

সংবাদ সম্মেলন র‌্যাব জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেতনানাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বস্বান্ত করে আসছে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান খান (৩৫), আব্দুল সাদেক শেখ (২৫), আঃ লতিফ (৫৬), মো. খসরু আহমেদ (৪৬), মো. জয়নাল আবেদীন (৪৫), মো. মহিবুল (৪৫), মো. আঃ সালাম (৪০), মো. চাঁন শরীফ ব্যাপারী (৬২), মো. রিপন (৫৫), মো. আজাহার উদ্দিন (৬২),  রেজাউল ইসলাম (৫৫)। গ্রেফতার হওয়াদের প্রত্যেকের নামে অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। 

অভিযানের সময় বিভিন্ন কোম্পানির ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ঔষধ, ছোট বড় বিভিন্ন সাইজের প্রায় ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং ০১ টি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা পাড়াগ্রামের মৃত দলিল উদ্দিন খানের পুত্র মো. ইমরান খান (৩৫) অজ্ঞান পার্টির মূলহোতা। তার নির্দেশনায় বাকি অন্যান্য অভিযুক্তরা বিভিন্ন গরুর হাটে কার্যক্রম চালিয়ে আসছে। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার আজ দিনাজপুর জেলার আমবাড়ী গরুর হাটে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।