রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
রোববার (১ জুন) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) নির্বাচিত প্রার্থীদের ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের অফিসে (কলা অনুষদ, ডিনস কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থীর ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এই স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কোনো শিক্ষার্থী যদি বিভাগ পরিবর্তন করতে না চান, তাহলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন অপশন বন্ধ করতে হবে।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী মনোনীত করা হবে। এ সংক্রান্ত তালিকা আগামী ২০ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।