এফডিসিতে সশস্ত্র নিরাপত্তারক্ষী চান এমডি

এফডিসিতে সশস্ত্র নিরাপত্তারক্ষী চান এমডি

ছবি: সংগৃহীত

সম্প্রতি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে। শনিবার (৩১ মে) মানিক মিয়া নামের এক যুবক রামদা হাতে এফডিসিতে ঢুকে পড়েন এবং ভাংচুর চালান। 

এ ঘটনায় অনেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নিরপাত্তী রক্ষীদের। সিকিউরিটির দায়িত্বহীনতার সুযোগে দুর্বৃত্ত প্রবেশ করতে পেরেছে বলে মনে করছেন তারা। তবে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি দায়ী করছেন নিরাপত্তারক্ষীর ব্যবস্থাকে। 

তিনি বলেন, ‘অনেকেই সিকিউরিটির কথা বলছেন। কিন্তু সিকিউরিটির হাতে লাঠি ছাড়া কিছু থাকে না। একটা লোককে এত বড় রামদা নিয়ে ঢুকতে দেখলে সিকিউরিটি তো ভয়েই কিছু বলবে না। লাঠি দিয়ে প্রতিরোধ করবে কীভাবে। তাছাড়া আমাদের নিরাপত্তারক্ষীর সংখ্যাও কম। আমরা আরও সিকিউরিটি চেয়েছি।’

সশস্ত্র নিরাপত্তারক্ষীর প্রয়োজনীয়তাবোধ করে এমডি বলেন, ‘সিকিউরিটির হাতে একটি লাঠি থাকে। বড় কোনো ঘটনা ঘটলে লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না। আমি অবশ্যই সশস্ত্র সিকিউরিটির প্রয়োজনীয়তা বোধ করছি।’

এফডিসিতে বহিরাগত উৎপাত এবারই প্রথম না। অপ্রত্যাশিত ঘটনাও নতুন না। এর আগে একাধিকবার এফডিসি থেকে তারকাদের মোবাইল ফোন, ব্যাগ প্রভৃতি খোয়া গেছে। তবে এমডি মনে করছেন এরকম অপ্রত্যাশিত ঘটনা আগে ঘটত। তিনি দায়িত্ব নেওয়ার পর আর ঘটেনি। ঘটছে না। তার মেয়াদকালে এবারই প্রথম ঘটল। 

এদিকে এ ঘটনায় মামলা করেছে এফডিসি কর্তৃপক্ষ। এরইমধ্যে ওই যুবককে পাঠানো হয়েছে কারাগারে। চলছে তদন্ত। পাশাপাশি নিজেরাও তদন্ত করছেন বলে জানালেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।