ফেনীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ফাইল ছবি
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামাত। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষ্যে এরইমধ্যে ফেনী পৌরসভার উদ্যোগে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সার্বিক নিরাপত্তা এবং তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। মিজান ময়দানে শনিবার (৭ মে) সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
মিজান ময়দানে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
ফেনী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য জামাতের মধ্যে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া জামে মসজিদ, সার্কিট হাউস জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদ, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ও জেলা মডেল মসজিদে সকাল ৭টা, দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, জিএ একাডেমি ঈদগাহ, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদ, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, লমি হাজারী বাড়ি জামে মসজিদ, হাজারীপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শান্তি কোম্পানি জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, উত্তর চাড়িপুর মুক্তারবাড়ি জামে মসজিদ, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফেনী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব বলেন, জেলার প্রধান ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এরইমধ্যে জামাতের জন্য মিজান ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।