গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ (২০) ও অটোচালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে একটি বাস পলাশবাড়ী যাচ্ছিল। বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর নামক স্থানে ওভারটেক করার সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন অটোযাত্রী নিহত হন। আহত হয় অন্তত চার জন। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ সময় বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গিয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। নিহতের সনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।