দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার (৭ জুন) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহত অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় ১০ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর পালকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাকিবুল ইসলাম জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।