ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চারদিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পা রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বৈঠকে বসবেন বলে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের এই বৈঠকটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে আশা করছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) সকালে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার (১৩ জুন) বৈঠক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে।

তিনি জানান, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সাক্ষাতে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে এই দুই নেতার মধ্যে সংলাপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে।

তিনি বলেন, বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে। 

এ সময় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে, যেন গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য দরকার জাতীয় ঐক্য।