ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিকী ছবি

রাজধানীর ডেমরায় ছাদ থেকে পড়ে আহত হন রুমি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে, কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার বক্সনগরের রানী নগর হাজি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি হাজি রোড এলাকার বাসিন্দা রুবেল মিয়ার মেয়ে। স্থানীয় হাজি রহমতউল্লা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো সে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুমি ছিল বাবা-মায়ের একমাত্র মেয়ে। বাবার মাদকাসক্তির কারণে কিছুদিন আগেই তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে সে মায়ের সঙ্গে মামা মো. আরিফের বাসায় থাকত এবং সেখান থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।

নিহতের মামা আরিফ বলেন, ‘রুমি মৃগী রোগে ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার পর ছাদে উঠে পানির ট্যাংকিতে পানি পড়ছে কিনা তা দেখতে যায়। এ সময় পা পিছলে ছাদের নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’