খুলনায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে ১ম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন ডে

খুলনায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে ১ম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন ডে

ছবি: প্রতিনিধি

নিউজ ডেস্ক: খুলনায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের নবীন দেশি-বিদেশী শিক্ষার্থীদের ফ্রেশার রিসিপশন ডে অনুষ্ঠিত হয়েছে। 
১৭ জুন ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সারাদেশে একযোগে দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন প্রোগ্রামে জুমে অংশ নেয় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ। যার উদ্বোধন করেন অন্তর্বর্তিকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 
নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের আগমনে প্রতিষ্ঠনটিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
জুম সংযোগ শেষে কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। 
এসময় তিনি নবীন শিক্ষার্থীদের ভাল চিকিৎসক হবার পাশাপাশি ভাল মানুষ হবার আহবান জানিয়ে বলেন, এখন থেকে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অধ্যয়নে নিয়মিত হতে হবে। 

সভাপতিত্ব করেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: উবায়দুল্লাহ ইবনে আলী। বক্তব্য রাখেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্লাবন বসু, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: এহসানুল ইসলাম ও এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: আশফাকুর রহমান। এছাড়া শিক্ষার্থীরাও তাদের অনুভ‚তি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ফাইল হাতে তুলে দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে ১০ম ব্যাচে ৬০জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২৭ জন বিদেশী শিক্ষার্থী ছাত্রী রয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সপ্তম ব্যাচের রাদিআহ্ ইসলাম ও সাজমা শাহেজাদা।